জাফলংয়ে গর্ত ধসে চার শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ের মন্দিরজুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চারজন পাথরশ্রমিক নিহত হয়েছেন। পরে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়। সিলেট, ২ জানুয়ারি। ছবি: প্রথম আলো
সিলেটের জাফলংয়ের মন্দিরজুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চারজন পাথরশ্রমিক নিহত হয়েছেন। পরে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়। সিলেট, ২ জানুয়ারি। ছবি: প্রথম আলো

সিলেটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় আজ মঙ্গলবার বিকেলে গর্ত ধসে একজন নারীশ্রমিকসহ চারজন পাথরশ্রমিক নিহত হয়েছেন।

পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে চাপা পড়েন চার শ্রমিক। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আজ সন্ধ্যার দিকে নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নূর মিয়া (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি সিলেটের ওসমানীনগরে। নিহত বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জুনেদ আহমদ প্রথম আলোকে বলেন, পরিচয় না পাওয়া তিনজনের মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। বাকি দুজনের মধ্যে একজন মধ্যবয়সী। আর অন্যজনের বয়স ২০–২২ বছর। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল বলেন, জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে গর্ত করা হয়। প্রায় ৩০-৪০ ফুট গভীর গর্ত ধসে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে নিশ্চিত হয়েছে পুলিশ।

সিলেটে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় প্রাণহানির ঘটনা ঘটেই চলছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) হিসাব অনুযায়ী, ২০১৭ সালে সিলেটে পাথর উত্তোলন করতে গিয়ে ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।