জাফলংয়ে নৌকা ডুবে তিন কিশোরের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে গত বৃহস্পতিবার নৌকা ডুবে তিন কিশোর প্রাণ হারিয়েছে। আনন্দ-ভ্রমণ করতে গিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিষামণি, দিলবরনগর ও ডলুছড়া—এ তিনটি গ্রামের ওই তিন কিশোর গতকাল শুক্রবারের ভোরে বাড়ি ফিরেছে লাশ হয়ে।
নিহত কিশোরেরা হলো শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিষামণি গ্রামের মো. খুরশেদ আলমের ছেলে সাদাত হোসেন ওরফে শাকিল (১৫), দিলবরনগর গ্রামের বাছির মিয়ার ছেলে মামুন মিয়া (১৮) এবং ডলুছড়া গ্রামের রহিম মিয়ার ছেলে সাদেকুর রহমান ওরফে সাদেক (১৬)।
স্থানীয় জনপ্রতিনিধি এবং ভ্রমণে অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষামণি উচ্চবিদ্যালয়ের ছাত্র, মোহাজিরাবাদ, বিষামণি, রাধানগর, জেরিন, দিলবরনগর এবং ডলুছড়া গ্রামের ৩০ জন তরুণ-কিশোর ঈদের ছুটিতে বৃহস্পতিবার জাফলংয়ে একটি মিনিবাসে করে বেড়াতে যায়।
ভ্রমণে অংশগ্রহণকারী এবং বিষামণি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আল আমিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি নৌকায় ছিলাম না। তবে পাশেই ছিলাম। কিছু বোঝার আগেই নৌকা ডুবে যায়।’ আল আমিনসহ ভ্রমণে অংশগ্রহণকারী কয়েকজন জানায়, ১০-১২ জনের একটি দল নৌকায় চড়ে নদীতে ঘুরতে যায়। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর বেলা তিনটার দিকে হঠাৎ করে ডুবে যায়। আশপাশের নৌকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করেন। কিন্তু শাকিল, মামুন ও সাদেক সাঁতার জানত না। তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের লাশ রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে শাকিল সিলেট ওসমানী মেডিকেল হাইস্কুল ও সাদেক বিষামণি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। মামুন শ্রীমঙ্গল উপজেলার খেজুরি চা-বাগানের নিরাপত্তাকর্মী ছিল।
গতকাল ভোর সাড়ে চারটায় যখন একটি মাইক্রোবাসে করে গ্রামে তিনটি লাশ এসে পৌঁছায়। তখন পরিবারগুলোতে কান্নার রোল ওঠে। গতকাল নিহত কিশোরদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।