জাফলংয়ে পর্যটকদের ভিড়
ভাঙাচোরা রাস্তায় চলাচলে দুর্ভোগ। থেমে থেমে বৃষ্টি যেন মানুষের চলার পথের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। তবুও উপচে পড়া ভিড় মানুষের। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির সারি। বাধ্য হয়ে গাড়ি দূরে রেখে সব বয়সী পর্যটক হেঁটে বেড়ানো শেষে ফিরছেন গন্তব্যে। গত সোমবার ঈদের দিন থেকে শুরু সিলেটের জাফলংয়ে পর্যটকদের ভিড় গতকাল বুধবার ছিল বেশি। ঈদের সরকারি ছুটি গতকাল শেষ হয়ে গেলেও জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মোহ যেন এখনো কাটেনি। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বত্র পর্যটকদের পদচারণ দেখা গেছে। জাফলং পিকনিক স্পটের প্রবেশদ্বারখ্যাত ‘মামার দোকান’ মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পর্যটকদের গাড়ির লম্বা সারি পড়ে। গত তিন দিনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে জাফলংয়ে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসু মানুষ ভিড় করে সীমান্তের নয়নাভিরাম পর্যটন এলাকা জাফলংয়ে। গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাফলংয়ে অবস্থান করে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের সঙ্গে আলাপে প্রকৃতির সৌন্দর্যের মানসকন্যাখ্যাত জাফলংকে নিয়ে তঁদের নানা রকম উচ্ছ্বাস ও অনুভূতির কথা জানা যায়। তবে রাস্তাঘাটের ভাঙাচোরা অবস্থা ও বৃষ্টির জন্য অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা বলেন, ‘জাফলংয়ের প্রকৃতি যত সুন্দর ঠিক ততটুকুই খারাপ রাস্তা। এক কথায় সৌন্দর্য উপভোগে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে চলাচলের রাস্তা।’ ব্যবসায়ী আবদুল আহাদ কিছুটা বিরক্ত হয়ে বলেন, ‘খারাপ রাস্তার জন্য আনন্দটাই মাটি হলো। সেই পাঁচ কিলোমিটার দূর তামাবিলে গাড়ি রেখে কখনো হেঁটে কখনো রিকশায় বালাঘাট পিকনিক স্পটে এসেছি।’ জাফলং প্রবেশমুখেই শফিকুল ইসলামের ‘ক্ষুধা রেস্টুরেন্ট’। সেখানে গিয়ে দেখা যায়, পর্যটকদের ভিড়। তবে কেবল খাওয়ার জন্য এ ভিড় নয়। রেস্তোরাঁর পুরো দেয়ালে কবিতার ছন্দে নানা রকম সতর্কবাণী লেখা পোস্টার সাঁটানো। কখন জোয়ার আসবে কখন ভাটা হবে। পিয়াইন নদের কোনো অংশে নামলে বিপদ আছে—কোথায় নামলে বিপদ নেই, সবই লেখা আছে দেয়ালে। পাশাপাশি অডিও প্লেয়ারে বাজছে শফিকুল ইসলামের লেখা কবিতার ছন্দে ছন্দে সতর্কবাণী। কবিতার বিষয় শুধু সতর্কবাণী নয়। আছে জাফলং পিকনিক স্পটের বর্ণনা। কোথায় গেলে কী দেখা যাবে। কত টাকা খরচ হবে সবই আছে কবিতা-কথায়। উদ্যোক্তা শফিকুল ইসলাম জানান, বিদ্যুত্ চলে গেলে এটি বন্ধ হয়ে যায়। তখন তিনি নিজেই আবৃত্তি শুরু করেন। পর্যটকের ভিড় বাড়ায় স্থানীয় ব্যবসায়ী, আনন্দ-ভ্রমণ সহায়তাকারী পিয়াইন নদের মাঝি, হোটেল ব্যবসায়ী এবং নানা ফেন্সি জিনিসের বিক্রেতারা দারুণ খুশি। পর্যটককে উপলক্ষ করে বেশ কিছু নতুন রেস্তোরাঁ এবার খোলা হয়েছে। সিলেটের খাসিয়া পানের সুনাম দেশে-বিদেশে থাকায় অনেককেই দেখা গেছে জাফলংয়ের খাসিয়াপুঞ্জি (পানের বাগান) থেকে পান কিনতে। পর্যটন স্পট, পিয়াইন নদ, জিরোপয়েন্ট, খাসিয়াপুঞ্জিতে পর্যটকের ভিড় মামার দোকানের খেলনার দোকান, শিল-পাটার দোকানেও। খাসিয়াপুঞ্জি নকশিয়া, লামা, সংগ্রামপুঞ্জি এসব এলাকায়ও পর্যটকদের উপচে পড়া ভিড়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, ‘ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বেশি হয়। তাই আমরা নিরাপত্তাও জোরদার করেছি। একদল পুলিশ জাফলংয়ে ভ্রাম্যমাণ অবস্থায় নিয়মিত টহলে রয়েছে।’ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘ঈদের ছুটি কাটাতে জাফলংয়ে আসা পর্যটকদের কোনো অসুবিধা যাতে না হয়, সে জন্য পুলিশসহ প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে।’ চোরাবালিতে আটকে পর্যটকের মৃত্যু: গতকাল দুপুরে জাফলংয়ের পিয়াইন নদে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে ফাহাদ উদ্দিন (২৪) নামে ঢাকার এক তরুণের মৃত্যু হয়েছে। ঢাকার বঙ্গবাজার এলাকার বাসিন্দা ফাহাদ সাড়ে ১২টায় পিয়াইন নদে বন্ধুদের নিয়ে গোসল করতে নামেন। এ সময় তিনি চোরাবালিতে হারিয়ে গেলে স্থানীয় পাথরশ্রমিকেরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।