জাফলংয়ে পাঁচটি 'বোমা মেশিন' পুড়িয়ে ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনে পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’ ব্যবহার শুরু হওয়ায় ফের অভিযান শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নিয়ে গঠিত উপজেলা প্রশাসনের টাস্কফোর্স দল গতকাল সোমবার জাফলংয়ের পিয়াইন নদের কাটারি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বোমা মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
পরে মাইকযোগে বোমা মেশিন ব্যবহার বন্ধ করার বিশেষ প্রচারণা চালানো হয়। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাফলংয়ে এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশবিধ্বংসী হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বোমা মেশিনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের পরিপ্রেক্ষিতে গতকাল গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান হয়। জাফলংয়ের পিয়াইন নদের কাটারি এলাকায় পাথর তোলার সময় পাঁচটি বোমা মেশিন জব্দ করা হয়। এ সময় পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রায় দুই ঘণ্টার এ অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, গোয়াইনঘাট থানার পুলিশ ও বিজিবির প্রতাপপুর ফাঁড়ির সদস্যরা ছিলেন।