জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এবার নারী পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আজ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম চম্পা রাণী দাস (১৭)। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার শ্যামপুর গ্রামের রনজিৎ দাসের মেয়ে। আহত তিনজন হলেন সুনামগঞ্জের দিরাইয়ের জ্যোতি সরকার, দীপ্ত সরকার ও অজিত সরকার।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানিয়েছেন, লাশ পুলিশের জিম্মায় নিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় বড় বড় গর্ত করে পাথর উত্তোলন হচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে নানু মিয়ার গর্তের পাড় ধসে পড়ে। এ সময় কর্মরত চারজন পাথরশ্রমিক গর্তের মধ্যে মাটি চাপা পড়েন। এর মধ্যে চম্পাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গত ৭ নভেম্বর কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরে বাংলা টিলা কেটে পাথর উত্তোলন করতে গিয়ে চারজন কিশোরসহ ছয়জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনার ছয় দিনের মাথায় জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে হতাহতের দ্বিতীয় ঘটনা ঘটল। চলতি বছরের ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করার সময় গর্ত ধসে একসঙ্গে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) হিসেবে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কোম্পানীগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, কানাইঘাটের লোভা নদী এলাকার বাংলাটিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ও গর্ত ধসে ২৮ জনের মৃত্যু হয়েছে।