জাফলংয়ে ফের গর্ত ধস, পাথরশ্রমিক নিহত
সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে ফের শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের দিকে জাফলং রাজবাড়ি এলাকার মন্দিরের জুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় গর্তে মাটিচাপা পড়ে মো. মুস্তাকিম (২০) নামের পাথরশ্রমিক যুবক নিহত হন।
খবর পেয়ে বেলা একটার দিকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইসবপুর গ্রামের বাতির আলীর ছেলে মুস্তাকিম দীর্ঘদিন ধরে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে পাথর উত্তোলনের কাজ করতেন। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মুস্তাকিম সপ্তাহ খানেক ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকার একটি কলোনিতে বসবাস করে পাথর উত্তোলনে শ্রমজীবীর কাজ করে আসছিলেন। বুধবার সকালে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের ২০ থেকে ২৫ ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়। বেলা ১১টার দিকে গর্তের ভেতর ছিলেন মুস্তাকিম। এ সময় হঠাৎ গর্তের পাড় ধসে পড়লে তাতে চাপা পড়ে মুস্তাকিম মারা যান।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জারন আলী, লেবু মিয়া ও যতীশ দাস নামের তিনজন পাথরশ্রমিককে আটক করা হয়েছে। এ তিনজন নিহত যুবকের সঙ্গে গর্ত খোঁড়ার কাজ করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফুর রহমান জানান, গর্তের মালিককে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনাকোয়ারি গর্ত ধসে দুই পাথরশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গর্তের মালিকসহ তিনজনকে আটক করে হত্যা মামলা করা হয়েছে। চুনাকোয়ারির পাশে মন্দিরের জুম এলাকায় প্রায় দুই সপ্তাহ পর ঘটল পাথর উত্তোলন করতে গিয়ে দ্বিতীয় ঘটনা। ৯ ফেব্রুয়ারি একই উপজেলার জাফলংয়ের পার্শ্ববর্তী বিছনাকান্দি এলাকায় পাথর তোলার গর্ত ধসে তিনজন পাথরশ্রমিক নিহত হন। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হন। ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্ত ধসে নিহত হন আরেক শ্রমিক। ১ মার্চ কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় গর্ত ধসে একজন পাথর ব্যবসায়ী ও ৬ মার্চ উৎমা পাথর কোয়ারিতে আরেকজন শ্রমিক নিহত হন।
এ নিয়ে গত প্রায় দুই মাসে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় পাথর উত্তোলনে পৃথক সাতটি গর্ত ধসের ঘটনায় পাথরশ্রমিক নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়াল।