জাফলংয়ে সড়ক সংস্কার দাবি বেলচাশ্রমিকদের বিক্ষোভ
সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মামার বাজারের ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন ও জাফলং আঞ্চলিক শাখার উদ্যোগে কয়েক শ বেলচাশ্রমিক বিক্ষোভ সমাবেশ করেছেন।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙা। রাস্তার দুরবস্থার জন্য ট্রাক চলাচল কমে যাচ্ছে। এতে শত শত বেলচাশ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাই রাস্তা দ্রুত সংস্কার না করলে বেলচাশ্রমিকেরা কঠোর কর্মসূচির মাধ্যমে জাফলংকে অচল করে দেবেন। শ্রমিকেরা প্রথম আলোকে জানান, ১/১১-এর সময় অপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত আইডিয়াল স্টোন ক্রাশিং জোনের নেমে আসা ধুলাবালি ও ময়লা-আবর্জনার স্তূপের কারণে সড়কের নিচে থাকা সেতুটি ভরাট হয়ে মামার বাজারের বিভিন্ন স্থানে পানি উঠে ক্ষতিসাধন করে আসছে; পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ভাঙন।বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন জাফলং আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, দীর্ঘদিন থেকে এ সড়কের ওপর দিয়ে পাথরবাহী ট্রাক চলাচলে ভোগান্তি থাকায় ট্রাক চলাচল হ্রাস পেয়েছে। এ কারণে বেলচাশ্রমিকেরা বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।