জাফলংয়ের খাসিয়ারা বড়দিনের আনন্দে মেতেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের উৎসবে মেতেছে জাফলংয়ের খাসিয়া জনপদ। জাফলংয়ের ছয়টি খাসিয়াপুঞ্জির প্রায় আড়াই হাজার খাসিয়া সম্প্রদায়ের মধ্যে দুই হাজারই খ্রিষ্টধর্মাবলম্বী।খ্রিষ্টান সম্প্রদায়ের একমাত্র ধর্মীয় উৎসব বড়দিন। তাই খাসিয়া আদিবাসী জনপদে সাজ সাজ রব। গতকাল বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, নারী, পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত সবাই ব্যস্ত ঘর সাজানো থেকে শুরু করে খাবারদাবার প্রস্তুত করতে। পুঞ্জির গির্জাগুলোতেও চলছে রাত ১২টার শেষ প্রস্তুতি।সিলেটের জাফলংয়ে ছয়টি পুঞ্জি রয়েছে। সেগুলো হলো: পুরান সংগ্রামপুঞ্জি, নতুন সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, বল্লাপুঞ্জি ও প্রতাপপুরপুঞ্জি। ছয়টি পুঞ্জিতে গির্জা রয়েছে তিনটি। সবচেয়ে বড় গির্জা হচ্ছে সংগ্রামপুঞ্জির ক্যাথলিক গির্জা। এখানে আজ রোববার ঠিক ১২টা এক মিনিটে সবাই এসে মিলিত হবে সমবেত প্রার্থনায়। তারপর অনুষ্ঠিত হবে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।নকশিয়াপুঞ্জির প্রধান (হেডম্যান) ওয়েলকাম লম্বা বলেন, ‘আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে থাকলেও বড়দিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করি। তাই এ অঞ্চলে বড়দিনে আনন্দের বন্যা বয়ে যায়।’সংগ্রামপুঞ্জির সেন্ট প্যাটরিক মিশন গির্জার ফাদার রবি রবার্ট রোজারিও প্রথম আলোকে বলেন, সিলেটের এক বৃহৎ খ্রিষ্টান সম্প্রদায় এখানে বাস করে। তাই বড়দিনের আনন্দ এখানে একটু অন্যরকম।