জাফলংয়ের পিয়াইন নদের চোরাবালি যেন মরণফাঁদ
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদের চোরাবালি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিবছর পর্যটন এলাকা জাফলংয়ে বেড়াতে এসে একাধিক পর্যটক চোরাবালিতে আটকে পড়ে মারা যায়। কিন্তু এ নিয়ে কারও কোনো উদ্বেগ নেই। নেই কোনো সতর্কতামূলক তৎপরতা। এ ছাড়া নিরাপত্তার জন্য জাফলংয়ে কোনো পুলিশ ক্যাম্পও নেই। স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পাথরশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাফলংয়ে প্রতিদিন শত শত পর্যটক আসেন। ঈদ বা বিশেষ ছুটিতে এ সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। পিয়াইন নদের টলটলে পানিতে গোসল করা পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। তাই অনেকে ভারতের মেঘালয়ের পাহাড়ঘেঁষা ঝুলন্ত সেতুর কাছে জিরো পয়েন্টে পিয়াইন নদে গোসল করতে নামেন। এখানেই রয়েছে চোরাবালি। গোসলে নেমে কেউ কেউ চোরাবালিতে হারিয়ে যান। পরে তাঁদের লাশ পাওয়া যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কলেজছাত্র সঞ্জয় রাজগড় (১৭) গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলে বন্ধুদের সঙ্গে পিয়াইন নদে গোসল করতে নামলে সে চোরাবালিতে হারিয়ে যায়। শুক্রবার সকালে সঞ্জয়ের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২২ আগস্ট ঈদুল ফিতরের ছুটিতে জাফলংয়ে বেড়াতে এসে চোরাবালিতে আটকা পড়ে মারা যায় ঢাকার বঙ্গবাজার এলাকার বাসিন্দা ফাহাদ উদ্দিন। গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, চোরাবালিতে এ বছর এ পর্যন্ত দুজন পর্যটক মারা গেছে। এলাকাবাসী ও পর্যটকদের অভিযোগ, এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কেউ নজর দিচ্ছে না। বিশেষ করে প্রশাসন বা পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সংস্কৃতিকর্মী মিনহাজ আহমদ জানান, প্রতিবছর ১০-১২ জন পর্যটক জীবন দেয় পিয়াইন নদের চোরাবালিতে। কিন্তু প্রশাসন থেকে এ ব্যাপারে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জাফলংয়ের রেস্তোরাঁর মালিক শফিকুল ইসলাম বলেন, ‘আমার রেস্তোরাঁয় যেসব পর্যটক আসেন, তাঁদের চোরাবালির বিষয়ে সতর্ক করি। কিন্তু প্রশাসনের খবরদারি না থাকলে মানুষ সতর্ক হয় না।’ গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, পর্যটকেরা নদে সাঁতার কাটছেন, দাপাদাপি করছেন। কেউ কেউ জিরো পয়েন্টে মরণফাঁদের কাছে চলে যাচ্ছেন। কিন্তু কেউ তাঁদের সতর্ক করছে না বা বাধা দিচ্ছে না। জানা গেছে, পিয়াইন নদে পাথরশ্রমিকেরাই পর্যটকদের সাবধান করেন। যাঁরা তাঁদের কথা না শুনে বিপৎসীমার মধ্যে চলে যান, তাঁরাই চোরাবালিতে আটকে মারা যান। পাথরশ্রমিক হারেছ আলী জানান, ‘পত্তিদিন খত মানুষ ইনো আয়। চুরাবালির কান্দাত যাইত আমরা মানা করি। হেরা আমরার খতা হুনে না। বাদে লাশ আমরাই থুকাইয়া বার করি। পুলিশ পরে আয়।’ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘জাফলং এখনো কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি। তাই পর্যটকদের জন্য সুযোগ-সুবিধাও সীমিত। পর্যটকদের জন্য সার্বিক সুবিধা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। শিগগিরই পর্যটন এলাকায় পুলিশ ক্যাম্প বসানো হবে।’