
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বাসচাপায় মেরে ফেলার মামলায় জাবালে নূর পরিবহনের সেই বাসটির মালিক শাহাদাত হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী জবানবন্দি রেকর্ড করেন। পরে শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাবালে নূর কোম্পানির কমিটির অনুরোধে বাসের মালিক শাহাদাত হোসেন চালক মাসুম বিল্লাহকে নিয়োগ দেন বলে স্বীকার করেছেন।
গত ২ আগস্ট শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তাঁকে ১০ দিন রিমান্ডে নিতে চাইলে আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদ শেষে আজ (বৃহস্পতিবার) বাস মালিক শাহাদাতকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী শরিফুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করেন।
আদালত পুলিশকে প্রতিবেদন দিয়ে বলেছে, বাস মালিক শাহাদাত তাঁর গাড়ির চালক মাসুম বিল্লাহর লাইসেন্স যাচাই-বাছাই না করে জাবালে নূর পরিবহন কমিটির অনুরোধে তাঁকে বাস চালাতে দেন। মাসুম বিল্লাহকে মালিক শাহাদাত আগে থেকে চিনতেন।

এর আগে পুলিশ আদালতকে আরেকটি প্রতিবেদন দিয়ে জানায়, শাহাদাত জাবালে নূর কোম্পানির সভাপতি জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নোমান, উপব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদকে প্রতিদিন ৭০০ টাকা করে দিতেন। এই চক্রের সদস্যদের নির্দেশে বাসের মালিক শাহাদাত অনুপযুক্ত চালক নিয়োগ দেন।
এদিকে গতকাল বুধবার বাসচালক মাসুম বিল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই শিক্ষার্থীকে বাসচাপায় মেরে ফেলার কথা স্বীকার করেন মাসুম।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনে বাসচাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। গুরুতর আহত হয় আরও নয় শিক্ষার্থী।