সদ্য সাবেক উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে তাঁর অনুসারী শিক্ষকদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিক্ষোভে বাধা দেন তাঁর অনুসারী শিক্ষকেরা। বুধবার বিকেলে
প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ফারজানা ইসলামের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর ‘দুর্নীতির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল শুরু করেন একদল শিক্ষার্থী। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের দিকে গেলে মিছিলে বাধা দেয় ফারজানা ইসলামের সমর্থিত শিক্ষকদের একটি অংশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বাগ্‌বিতণ্ডা হয়। আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন শিক্ষকেরা। এরপর মিছিলটি উপাচার্যের বাসভবনের ফটকের সামনে দিয়ে পাশের সড়কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও তাঁর পদত্যাগের দাবি করা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ফারজানা ইসলাম একটি লজ্জার নাম। তাঁর বিরুদ্ধে দুই কোটি টাকা দুর্নীতি ও ছাত্রদের মারধরের অভিযোগ থাকলেও তাঁর অনুসারী শিক্ষকদের সহযোগিতায় কোনো তদন্ত অগ্রগতির মুখ দেখেনি। ফারজানা ইসলামের মতো এমন কোনো ভিসি আর কেউ চান না।

উপাচার্য হিসেবে ফারজানা ইসলামের মেয়াদ শেষ হয়েছে গতকাল ১ মার্চ।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে। শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন করা হয়েছে বলে তাঁদের দাবি। এ জন্য তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে এসেছেন। ফারজানা ইসলাম এখন আর উপাচার্য নন। তবে উনি আমাদের সহকর্মী। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি।’

উপাচার্য হিসেবে ফারজানা ইসলামের মেয়াদ শেষ হয়েছে গতকাল ১ মার্চ। তাঁর স্থলে রুটিন দায়িত্ব পালনের জন্য সহউপাচার্য নুরুল আলমকে দায়িত্ব দিয়ে গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম নারী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। ২০১৮ সালে তাঁকে দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এই প্রকল্প নিয়ে উপাচার্যের মধ্যস্থতায় ছাত্রলীগকে বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, এমন অভিযোগের তদন্তের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২০ সালের ২৩ আগস্ট শুরু হওয়া এ আন্দোলন দিন দিন বাড়তেই থাকে। ওই বছরের ৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরদিন সেখান থেকে আন্দোলনকারীদের পিটিয়ে সরিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের ওই হামলাকে তখন ‘গণ-অভ্যুত্থান’ বলে উল্লেখ করেন ফারজানা ইসলাম।