জাবির সশরীর ক্লাস-পরীক্ষা স্থগিত, খোলা থাকবে আবাসিক হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সশরীর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা থাকবে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে করোনার কারণে ৯ জানুয়ারি থেকে সশরীর ক্লাস বন্ধ করে দেওয়া হয়। মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীর সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শুধু বইপত্র আদান–প্রদানের জন্য খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরগুলোর কার্যক্রম সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলবে। মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চলমান ভর্তি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের জমায়েত, বহিরাগত ও দর্শনার্থী এবং তাঁদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশেদা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা ছাড়া ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনসহ অন্যান্য কার্যক্রম অনলাইনে চলমান থাকবে। যেসব বিভাগের চূড়ান্ত পরীক্ষার রুটিন হয়েছে, তাদের নতুন করে রুটিন করতে হবে। তবে ৬ ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আবার সভা করে সিদ্ধান্ত জানানো হবে।