জাবেদ আলীর 'ভঙ্গিমা অশোভন': রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশনার জাবেদ আলী ‘অত্যন্ত কদর্য এবং অশোভন ভঙ্গিমায়’ খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এর মাধ্যমে ওই কমিশনার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন বলেও দাবি করেছে দলটি।

আজ বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। নির্বাচন কমিশনার এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি ।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন সেটিকে অত্যন্ত কদর্য এবং অশোভন ভঙ্গিমায় জবাব দিয়েছেন জাবেদ আলী সাহেব। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে তিনি নিরপেক্ষতা শুধু ভঙ্গই করেননি, বরং নির্বাচন কমিশনের ইতিহাসে একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

সম্প্রতি রাজশাহীর জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রতিষ্ঠানটিকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন।

পরে এর জবাব দেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। জাবেদ আলী চেয়ার থেকে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেখুন আমাদের মেরুদণ্ড সোজা আছে।’

রিজভী বলেন, নির্বাচন কমিশনারের বক্তব্য এবং ভঙ্গিমা শুধু সুরুচি ও শালীনতারই পরিপন্থী নয়, বরং তিনবারের প্রধানমন্ত্রী ও একজন জাতীয় নেতার প্রতি অসম্মান ও গুরুতর অসদাচরণ।

‘জাবেদ আলী সাহেবরা’ নির্বাচন কমিশনে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সর্বজনগ্রাহ্য পথে ও প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গতকাল বুধবার সংসদে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতাকে চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তার পার্শ্বচর নেতৃবৃন্দ প্রতিদিন যে আবোল-তাবোল নির্লজ্জ মিথ্যাচারের ফুলঝুরি ঝরাচ্ছেন, তাতে জনগণ ক্ষমতাসীনদের মস্তিষ্কে কোনো দোষ আছে কি না, তা পরীক্ষা করতে ইসিজি, সিটিস্ক্যানের দাবি করতেই পারেন।’