জাবেদ ইমামের আত্মসমর্পণ জামিনের শুনানি ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক বিচারক জাবেদ ইমামের জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ আগস্ট। গতকাল রোববার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে উচ্চ আদালতের আদেশের অনুলিপি না পাওয়ায় তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। পরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার ২৪ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলি এস এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী জাবেদ ইমাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আপিল বিভাগের আদেশ না পাওয়ায় জাবেদ ইমানের পক্ষে সময় চাওয়া হয়। আদালত ২৪ আগস্ট উচ্চ আদালতের আদেশের কপি নিয়ে আত্মসমর্পণ করতে বলেছেন।
আদালত সূত্র বলেছে, জাবেদ ইমাম ভোলার সহকারী জজ ছিলেন। ২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজের সামনে তাঁর দেখানো মতে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে ৩৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। জাবেদ ইমামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই বছরের ২০ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে ওই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৩ সালের ২৭ আগস্ট এ মামলায় জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বাতিল করে জাবেদ ইমামকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চলতি বছরের ৭ আগস্ট আপিল বিভাগ খালাসের আদেশ স্থগিত করে জাবেদ ইমামকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার
নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি গতকাল আত্মসমর্পণ করে জামিন চান।