জাবেদ ইমামের বিরুদ্ধে অভিযোগপত্র
ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, জাভেদ ইমাম যশোর সদর থেকে নিজে মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন। ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ। আটকের পর নিউমার্কেট থানায় পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাবেদ ফেনসিডিল বহনের কথা স্বীকার করেছিলেন। ২ ডিসেম্বর বিচারক জাভেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় রমনা জোনের উপকমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। এরপর আদালত ৬ ডিসেম্বর জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ (রমনা) পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ বিভাগ থেকে প্রত্যাহারের আদেশ দেন। পরে হাইকোর্ট ওই আদেশ স্থগিত করেন। জাবেদ ইমাম কারাগারে আছেন।