জামদানি, জলপরিতে মাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ যত ঘনিয়ে আসছে, শেরপুরে ঈদের কেনাকাটাও তত জমে উঠছে। শেরপুর জেলা শহরের সব বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে পড়া ভিড়।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কে অবস্থিত তৈরি পোশাকের দোকান এবং নয়আনী বাজার এলাকায় অবস্থিত কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক ক্রেতা ঈদের কেনাকাটা করছেন। শিশু, নারী, তরুণ ও তরুণীরা ঈদ উপলক্ষে আসা পোশাক দেখছে। তবে বিপণিবিতানগুলোতে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। সামর্থ্যের মধ্যে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই।
এবার ঈদবাজারে মহিলা ক্রেতারা কিনছেন অপেরা সিল্ক, জর্জেট, টিস্যু শাড়ি, কাতান, ঢাকাইয়া জামদানি, টাঙ্গাইলের তাঁতের ও সুতির নকশি শাড়ি। তরুণীরা কিনছেন কিরণমালা, জলপরি, নন্দিনীসহ ভারতীয় বাংলা চ্যানেলে প্রদর্শিত বিভিন্ন ধারাবাহিকের নামের থ্রিপিস। শিশু ক্রেতাদের আগ্রহ দেখা গেছে ফতোয়ার প্রতি। পুরুষ ক্রেতারা কিনছেন জিনসের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পায়জামা-পাঞ্জাবি।
শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের একটি অভিজাত বস্ত্র বিপণিতে কেনাকাটা করতে আসা উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার গৃহবধূ সাইদা পারভীন বলেন, এবারের ঈদবাজারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক কম।
শহরের পরিমল বস্ত্রালয়ের মালিক পিন্টু কুমার সাহা বলেন, এবারের ঈদের বেচাকেনা খুব ভালো। বর্তমানে ২,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে ভালো শাড়ি, ৩,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে থ্রিপিস এবং ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকায় লেহেঙ্গা বিক্রি হচ্ছে। তাঁর দোকানে নারী ক্রেতাদের ভিড় বেশি।