শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জামদানি মানবসভ্যতার ঐতিহ্যের তালিকাভুক্ত হলেও একে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামদানি টিকিয়ে রাখার জন্য সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন।
গতকাল রোববার রাজধানীর নীলক্ষেতের ব্যানবেইস ভবনে জামদানি নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন ও কোরিয়ান ইউনেসকো জাতীয় কমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জামদানি শাড়ি তৈরির কারিগরেরা অংশ নেন। তাঁরা জামদানিশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও কিছু সমস্যা সমাধানের পরামর্শ দেন। এ ছাড়া কয়েকজন ফ্যাশন ডিজাইনার ও এই খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী সেমিনারে বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী বলেন, জামদানির ক্ষেত্রে দাম, বাজার ও গুণগত মান বড় সমস্যা। এই সমস্যাগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া এখন তাঁতিদের সন্তানেরা পড়াশোনা করছে। তারা আর তাঁতি হতে চাইবে না। তাই পড়াশোনার পরও যেন তারা জামদানিশিল্পে জড়িত হতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল জামদানি শাড়ির গুণগত মানের প্রসঙ্গ টেনে বলেন, ‘ক্রেতাদের বলব, ভালো দাম দিয়ে কিনলে জামদানি শাড়ি সহজে নষ্ট হয় না।’
জয়নাল আবেদীন নামের একজন কারিগর বলেন, তাঁতিরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। সরকারি উদ্যোগে বড় কোনো বিক্রয় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তাঁতিরা ন্যায্য মজুরি পেতেন। মো. ইসমাইল নামের আরেকজন কারিগর বলেন, ক্রেতারা জামদানি শাড়ির গুণগত মান চেনেন না। দেখা যায়, কেনার পর অনেক শাড়ি ফেঁসে যায়।
শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি বিয়াট্রিস কালডান, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন প্রমুখ।