জামদানি মেলা শুরু

শাপলা ফুল, আঙ্গুরলতা, দুবলাজাল, পান্না হাজার—এগুলো জামদানি শাড়ির নাম। বাহারি নামের এসব জামদানি শাড়ির পসরা নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বসেছেন জামদানি উৎপাদনকারী ও বিক্রেতারা। গতকাল মঙ্গলবার সেখানে শুরু হয়েছে ১০ দিনব্যাপী জামদানি মেলা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে জামদানি প্রদর্শনী ২০১৭-এর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মোট ২৬টি স্টলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন গ্রামে তৈরি হওয়া জামদানির উৎপাদনকারীরা তাঁদের জামদানি পণ্য প্রদর্শন করছেন। প্রদর্শনীটি ২২ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘জামদানি বাংলাদেশের নিজস্ব সম্পদ এবং সুপ্রাচীন ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বর্তমানে জামদানিশিল্প একটি ভালো পর্যায়ে এসে পৌঁছেছে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিকের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইফতেখার ইসলাম খান বলেন, একটি আধুনিক প্রযুক্তিনির্ভর জামদানিশিল্প নগরী গড়ে তোলার জন্য বিসিক কাজ করে যাচ্ছে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জামদানি প্রদর্শনী শুধু ঢাকা ও চট্টগ্রামে সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য বড় শহরেও করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) জীবন কুমার চৌধুরী।