জামদানিকে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মানব সভ্যতার ঐতিহ্যের অংশ জামদানিকে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, জামদানি নিয়ে তিন ধরনের সমস্যা আছে। জামদানির দাম বেশি, গুণগত মান ও বাজারজাতকরণের বিষয়ে সমস্যা রয়েছে। তাই এটিকে টিকিয়ে রাখার জন্য সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন।

আজ রোববার রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইজ ভবনে জামদানি নিয়ে বাংলাদেশ ও কোরিয়ান ইউনেসকো জাতীয় কমিশন আয়োজিত যৌথ সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জামদানির ব্যবহারকে সবার কাছে প্রিয় করে তুলতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই শিল্পের দিকে নজর দিতে হবে বলে তিনি জানান।

তাঁতির সন্তান তাঁতি হতে চাইবে না মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ বলেন, সবাই এখন শিক্ষিত হতে চাইছে। পড়াশোনার পর কীভাবে এ কাজে যুক্ত হওয়া যায়, সেদিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা জামদানিশিল্পের তাঁতিরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক। ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ জামদানিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে বক্তব্য দেন।