জামদানির আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকার কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। গোলাম দস্তগীর গাজীর এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশীয় পণ্য উৎসাহিত করতে এবং এর ব্র্যান্ডিং করতে আমি সব সময় জামদানি শাড়ি পরি। বিদেশে যখন যাই তখনো নিয়ে যাই।’জামদানির বিকাশে সরকার সংশ্লিষ্ট খাতে অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটার নামই ঢাকাই জামদানি। এটাকে আরও ছড়িয়ে দিতে হবে। জামদানি যে বাংলাদেশের পণ্য, তার ইন্টারন্যাশনাল স্বীকৃতি আদায় করতে হবে। এর কপিরাইট যে আমাদের, তা আদায় করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জামদানি নিয়ে কম্পিটিশন রয়েছে। আমরাও সেই কম্পিটিশনে আছি। জামদানির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যা যা করা দরকার, তা করে যাচ্ছি।’এ সময় স্পিকার আবদুল হামিদ জানান, সম্প্রতি ভারত ও পাকিস্তান সফরে গিয়ে তিনি স্পিকারকে জামদানি উপহার দিয়েছেন।এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বজলুল হকের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, ঢাকা মহানগরের বিভিন্ন রুটের বাস সার্ভিসে ইলেকট্রনিক টিকেটিং সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অচিরেই বিআরটিসির সব যানবাহনে এ পদ্ধতি চালু হবে।একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে মিরপুর থেকে বিমানবন্দর সড়কের ফ্লাইওভার ২০১৩ সালের মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া বনানী রেলক্রসিংয়ে ওভারপাস ও সংযোগ সড়ক চলতি বছরের ২২ ডিসেম্বর উন্মুক্ত করা হবে। বনানী-কুড়িল ফ্লাইওভার এবং গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হওয়ার পথে। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ শিগগিরই শুরু হবে। রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে চলাচলের দুটি ওয়াটার বাস নির্মাণ করা হয়েছে।