জামদানির জমকালো প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে জাতীয় জাদুঘরে গতকাল থেকে শুরু হয়েছে রূপগঞ্জের জামদানি প্রদর্শনী। উদ্বোধনী দিনে পছন্দের শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
ঈদ সামনে রেখে জাতীয় জাদুঘরে গতকাল থেকে শুরু হয়েছে রূপগঞ্জের জামদানি প্রদর্শনী। উদ্বোধনী দিনে পছন্দের শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

রূপগঞ্জের আনোয়ার হোসেন বলছিলেন, ‘বিক্রির সমস্যা নেই। বাজারে চাহিদা আছে। কিন্তু সমস্যা হলো কারিগরের অভাব।’ তাঁর আশঙ্কা, মজুরি কম বলে জামদানির অভিজ্ঞ কারিগরেরা পেশা বদল করে অন্য পেশায় চলে যাচ্ছেন। নতুন করেও কেউ এ পেশায় আসতে চান না। ভবিষ্যতে কারিগরের অভাবই ঐতিহ্যবাহী জামদানি শাড়ির অস্তিত্বের প্রধান সংকট হয়ে উঠবে।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে গতকাল রোববার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে শুরু হয়েছে ১০ দিনের জামদানি শাড়ির জমকালো প্রদর্শনী। এতে রূপগঞ্জের ২০টি জামদানি তৈরির প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্যে আনোয়ার হোসেনও রয়েছেন। তিনি বলেন, সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয় এমন একটি শাড়ি তৈরিতে এক সপ্তাহ সময় লাগে। প্রধান কারিগর চুক্তি মোতাবেক মজুরি পান ১ হাজার ৮০০ টাকা, তাঁর শাগরেদ পান ১ হাজার টাকা। এই ২ হাজার ৮০০ টাকার সঙ্গে সুতা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকাসহ চার হাজার টাকা খরচ হয়। সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে পারলে ৫০০ টাকা লাভ থাকে। এখন এক সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা মজুরিতে কারিগরের পোষায় না। দিনমজুরি করলেও সাত দিনে আড়াই হাজার টাকার মতো আয় হয়। সে কারণে কারিগরেরা চলে যাচ্ছেন। তাঁদের মজুরি যদি বাড়ানো হয়, তবে শাড়ির যে দামপড়বে, তাতে জামদানি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাবে।
তাঁতিদের সহায়তা করতে বিসিক কাজ করছে বলে জানালেন উপমহাব্যবস্থাপক আহসান হাকীম। জামদানি শাড়ি প্রস্তুতকারী ও কারিগরদের সহায়তা দিতে বিসিক নারায়ণগঞ্জের তারাপুরে ২০০১ সালে ২০ একর জায়গার ওপর জামদানি শিল্পনগরী গড়ে তোলে। এখানে প্লট আছে ৪০৬টি। এর মধ্যে ৩৯৯টি প্লট বরাদ্দ করা হয়েছে। জামদানি তাঁতিরা তাঁদের বয়ন কারখানা বসিয়ে উৎপাদন করে যাচ্ছেন। এসব তাঁতির শাড়ি নিয়েই জাদুঘরে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আগে মতিঝিলে বিসিকের ডিজাইন সেন্টারে ছোট করে জামদানি প্রদর্শনীর আয়োজন করা হতো। ২০১৪ সালে প্রথমবার ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় জাদুঘরে বড় আকারে ১০ দিনের এই প্রদর্শনী করা হয়। প্রচুর ক্রেতা-দর্শকের সমাগম ঘটেছিল। এই মেলার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গত বছরও ঈদ উপলক্ষে জামদানি মেলার আয়োজন করা হয়। গত দুই বছরে মেলা ব্যাপক পরিচিতি পেয়েছে। ক্রেতারা এখান থেকে রূপগঞ্জের আসল জামদানির নিশ্চয়তা পাচ্ছেন বলে তাঁদেরও আগ্রহ বেড়েছে। এবার গতবারের চেয়ে বিক্রি আরও বাড়বে বলে তাঁদের ধারণা।

বিক্রেতারা বলেন, প্রদর্শনীতে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে দেড় লাখ টাকা দামের জামদানি রয়েছে। জামদানির দাম নির্ভর করে এর পাড় ও ভেতরের নকশার ওপর। শাড়ির পাড়ের নকশার মধ্যে রয়েছে ময়ূরকণ্ঠী, পুঁইপাতা, করাতি, দুবলা, কবলা, গেলাপ, বেলপাতা এসব। জমিনে থাকে জুঁই, বেলি, শাপলা, গোলাপ ইত্যাদি ফুল ও জ্যামিতিক নকশা। সুতার ব্যবহারের বিচারে সুতি ও হাফ সিল্ক এই দুই ধরনের জামদানি হয়। তবে সম্প্রতি রেশমের সুতার বদলে নিম্ন মানের কৃত্রিম সুতা ব্যবহার করে একধরনের জামদানি তৈরি হচ্ছে। এসব শাড়ির দাম দুই হাজার টাকার নিচে। তবে এই শাড়িগুলোর কিছুদিন পর কুঁচকে যায়।

গতকাল দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংস্কৃতিসচিব বেগম আকতারী মমতাজ। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মো. হজরত আলী।

জামদানির প্রদর্শনী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। শাড়ি ছাড়াও এখানে পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, কুশন, টেবিল, বিছানার আচ্ছাদনসহ হাতের কাজ করা হরেক রকম তাঁতবস্ত্রও পাওয়া যাচ্ছে।