
লাল, নীল, সবুজ, গোলাপি, আসমানি, বেগুনি—কোন রংটা নেই। বাহারি রং আর জ্যামিতিক কারুকাজের জামদানি শাড়ি তো আছেই; দেখা মিলল জামদানি দিয়ে তৈরি আরও কিছু পণ্যের।
ঐতিহ্যের ধারক জামদানির জন্য প্রয়োজনীয় তিনটি বিষয় হচ্ছে ভালো সুতা, দক্ষ কারিগর, ঐতিহ্যবাহী নকশা। এ আদি-আসল জামদানির জন্য আরও চাই শীতলক্ষ্যা নদীর হাওয়া, নদীপাড়ের মাটির আর্দ্রতাও। পরিবেশ-প্রকৃতিরও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রঙে, নকশায়, বুননে অনন্য হয়ে ওঠা জামদানির নেপথ্যে। সে কারণে একমাত্র নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জেই বহুকাল থেকে বংশানুক্রমিক ধারাবাহিকতায় গড়ে উঠেছে অতুলনীয় এই বস্ত্রশিল্প। নানা ঘাত-প্রতিঘাত সয়েও জামদানি টিকে আছে। জামদানিকে আরও বৈচিত্র৵ময়, নতুন নকশায় সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষে৵ জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী।

বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁর ২০টি তাঁতশিল্প প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। এ ছাড়া কুমুদিনী, হ্যান্ডিক্রাফ্টস, আড়ং ও অঞ্জন’স ফ্যাশনও প্রদর্শনীতে স্টল দিয়েছে।
জামদানির নাম শুনলে শাড়ির নামটাই সামনে আসে। তবে এ প্রদর্শনীতে দেখা মিলল জামদানির নানাবিধ ব্যবহারের। প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিনটি বুটিক হাউস নিয়ে এসেছে জামদানি কাপড়ের কুশন, টেবিলের কাপড়, বিছানার চাদর, পর্দা, শোপিস ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজাইনার বিবি রাসেলও বললেন, তরুণীদের অনেকে শাড়ি পরছেন না। জামদানি টিকিয়ে রাখতে হলে এর ব্যবহারের ক্ষেত্র বাড়াতে হবে।
চার মাস ধরে একটি শাড়ি বুনেছেন তাঁতি মজিবর রহমান ও তাঁর সহকর্মীরা। দাম ৩৮ হাজার টাকা। জামদানির সৌন্দর্য-রহস্যের অনেকখানিও এখানে বলে জানালেন তাঁরা। যত বেশি সময় নিয়ে শাড়ি বোনা হয়, জামদানি তত বেশি মসৃণ ও সুন্দর হয়।
তাঁতিরা জানালেন, প্রদর্শনীতে করলা পাড়ের শাড়ির উপস্থিতিই বেশি। এ ছাড়া ময়ূরপ্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কাঠপাড়ের নকশাও রয়েছে। আর জমিনে গোলাপফুল, জুঁইফুল, তেছরি, কলার ফানা ইত্যাদি নকশার শাড়ি এসেছে প্রদর্শনীতে।
প্রদর্শনীতে পাঁচ হাজার টাকা থেকে ৪০-৪৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে এসেছেন তাঁতিরা। গতকাল শুরুতে দর্শক কম থাকলেও বেলা বাড়তে বাড়তে মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়তে দেখা গেল। প্রদর্শনীতে এসেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। প্রদর্শনী কেমন লেগেছে জানতে চাইলে বললেন, একসঙ্গে অনেক শাড়ি দেখার লোভেই প্রদর্শনীতে এসেছেন। শাড়ি ছাড়াও অন্যান্য পণ্যের ক্ষেত্রে জামদানির ব্যবহারটা অন্য রকম বলে জানালেন তিনি।
গতকাল বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যানে্যর মধ্যে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের মনজুর হোসাইন, কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেসকোর জিং সং জিয়ং উপস্থিত ছিলেন।