জামা সরাতেই দেখা গেল নির্যাতনের ক্ষতগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে গতকাল সোমবার দুপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাথীকে (৮) উদ্ধার করেছে র‌্যাব। তাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্ত্রী সালমা আক্তারকে।বিকেলে র‌্যাব সদর দপ্তরে সাথীকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সে নির্যাতনের বর্ণনা দেয়। কিন্তু অনেক কিছুই গুছিয়ে বলতে পারছিল না সে। পরে তার পিঠের দিকের জামা সরাতেই দেখা গেল নির্যাতনের ক্ষতগুলো।সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরে একটি বাসায় প্রায় এক বছর ধরে গৃহকর্মী ছিল সাথী। ওই বাসায় রাজউকের ঠিকাদার মোস্তফা জামান স্ত্রী সালমা আক্তার ও চার সন্তান নিয়ে থাকেন। গৃহকর্ত্রী তুচ্ছ কারণে সাথীকে মারধর করতেন। রড ও খুন্তি গরম করে শিশুটির পিঠে, হাত-পায়ে ছ্যাঁকা দেওয়া হতো মাঝেমধ্যেই। এতে শিশুটির শরীরে অনেক গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। শিশুটির ওপর নির্যাতনের তথ্য জানতে পেরে জাতীয় মানবাধিকার কমিশন র‌্যাবকে জানায়। গতকাল দুপুরে শিশুটিকে উদ্ধার ও নির্যাতনকারী সালমাকে গ্রেপ্তার করে র‌্যাব।অভিযুক্ত সালমা আক্তার বলেন, ‘রেগে গেলে চড়-থাপড় দিয়েছি। কিন্তু রড দিয়ে ছ্যাঁকা দেইনি।’ তিনি র‌্যাবকে বলেন, শিশুটি গ্রামবাসীর দ্বারা নির্যাতিত হয়ে তাঁর বাসায় কাজ করতে এসেছে। এগুলো সেই দাগ।তবে দাগগুলো একেবারে দগদগে, দেখে মনে হয় কয়েক দিন আগের। গৃহকর্ত্রী বলেন, সাথীর মা আট-নয় মাস আগে তাকে কাজের জন্য দিয়ে যান। কিন্তু তাঁর ঠিকানা তিনি জানেন না। সাথী জানিয়েছে, তার বাবার নাম কাইয়ুম। গ্রামের বাড়ি বরিশাল।সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ছোট্ট শিশুটিকে এ ধরনের অমানবিক নির্যাতনের ঘটনায় মনে হয়, আমাদের মন-মানসিকতা বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’ তিনি এ ধরনের নির্যাতনের খবর কমিশনকে দেওয়ার অনুরোধ জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী গুপ্তহত্যা বা গুমের ঘটনা কমেছে। তবে কমিশন এতে সন্তুষ্ট নয়। তিনি এটাকে শূন্যের কোটায় নামিয়ে আনার দাবি জানান।আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, অনেক ভুঁইফোড় সংগঠন মানবাধিকারের নামে ব্যবসা করছে, লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মজিবুর রহমান, র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান প্রমুখ।