জামাআতুল আরাকানের চার জঙ্গি চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে আটক ‘জামাআতুল আরাকান’-এর চার জঙ্গিকে পুলিশ গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে এনেছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জঙ্গিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক নিলুফার শিরীন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ সেপ্টেম্বর রাতে পুলিশ শহরের লালদীঘির পাড় থেকে জঙ্গিদের গ্রেপ্তার। পরের দিন ৩ সেপ্টেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চার জঙ্গি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরগিডাঙ্গা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ ওরফে আবদুল্লা হেল কাফি (২৬), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ওমর ফারুক ওরফে কাজী ফারুক (৩৩), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামের মৃত হজরত আলীর ছেলে আবদুল মতিন (৩৭) ও কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার মৃত মোহামঞ্চদ আলীর ছেলে মো. রুবেল (১৮)।কক্সবাজার সদর মডেল থানার এএসআই ক্যশৈনু বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে জঙ্গিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ৫ সেপ্টেম্বর আটক চার জঙ্গিকে নিয়ে পার্বত্য বান্দরবানের দুর্গম আলীকদমের বিভিন্ন আস্তানায় হানা দিয়ে পুলিশ ৬০টি জিহাদি বইসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ওই এলাকার মো. হোসেন (৩৫), আবদুল মজিদ (৬৫) ও মো. হানিফ (৩৪)। জামাআতুল আরাকান বা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের ব্যাপারে জানতে আটক চার জঙ্গিকে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জঙ্গিরা কক্সবাজারের বাইরে বান্দরবান, সিলেট, রংপুর, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জের অর্ধশতাধিত জঙ্গির তথ্য দিয়েছেন। ৫ ও ৬ সেপ্টেম্বর পুলিশ ও সেনাসদস্যরা যৌথ অভিযান চালিয়ে বান্দরবানের আলীকদম থেকে জিহাদি বইসহ তিন জঙ্গিকে আটক করেন। এখন অন্য জঙ্গিদের ধরার জন্য পুলিশ মাঠে নেমেছে। সহযোগীদের ঘরবাড়ি ও পথঘাট চিনিয়ে দেওয়ার জন্য আটক চার জঙ্গিকে সঙ্গে রাখা হবে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, রিমান্ডে চার জঙ্গি পুলিশের কাছে স্বীকার করেছেন, আবদুল্লা হেল কাফি আগে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং ফারুক হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তাঁরা প্রায় আট মাস ধরে জামাআতুল আরাকান নামে নতুন জঙ্গি সংগঠন তৈরি করে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। জামাআতুল আরাকানের সঙ্গে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর যোগাযোগ আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।