জামাই মেলায় মাছের সমাহার
মোশারফ হোসেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের জামাই। আবু তাহের মিয়ার মেয়ে মাহিদা আক্তার তাঁর স্ত্রী। বিয়ে করেছেন ১৪ বছর আগে। অন্য নিমন্ত্রণ রক্ষা করুন আর না করুন কুড়িখাই মেলার সময় শ্বশুরবাড়ি তিনি আসেনই।
গত শুক্রবারও মোশারফ আসেন মেলায়। মেলা থেকে মাছ কিনে ফেরেন শ্বশুরালয়ে। তিনি বলেন, ‘মেলা থেকে মাছ কেনা এবং এ নিয়ে তৈরি হওয়া উৎসব শ্বশুরবাড়ির সঙ্গে এ অঞ্চলের জামাইদের সম্পর্ক নিবিড় করে। সে কারণে মেলা মিস করি না।’
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুড়িখাই গ্রামে ৪০০ বছর ধরে হয়ে আসছে ওই মেলা। মেলা থেকে কিনে আনা মাছ ‘জামাই মাছ’ আর মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। আশপাশের ৪০ গ্রামের জামাইরা মেলার সময় শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ পেয়ে থাকেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ওহাব বলেন, মেলাটির ঐতিহ্য ৪০০ বছরের।
শুক্রবার গিয়ে দেখা যায়, মাজার লাগোয়া স্থানে দোকানপাট বসেছে। বিন্নিখই থেকে কারু, হস্ত, ইলেকট্রনিকস, আসবাবসহ বিভিন্ন পণ্যের প্রায় ৩০০ দোকান রয়েছে। শিশুদের জন্য নাগরদোলা, চরকিসহ রয়েছে ‘মৃত্যুকূপ’ খেলা দেখার ব্যবস্থা। এক পাশে বসেছে মাছের হাট। হাটে ছোট জাতের মাছ নেই। সব বড় বড় মাছ। কেউ কিনছেন বোয়াল, রুই, আইড়, চিতল কিংবা কালবাউশ মাছ। হাটে জামাইরা মাছ কিনছেন।
মেলায় তিন হাজার টাকা দিয়ে শহীদুল্লাহ কাওসার কিনেছেন একটি রুই মাছ। তিনি বলেন, ‘যে মাছটি তিন হাজার টাকা দিয়ে কিনলাম, বাজারে তা দুই হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। মেলা উপলক্ষে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।’ তবে দাম দিয়ে কিনলেও বাজারের মাছের সঙ্গে মেলার মাছকে এক করতে চান না তিনি।
ব্যবসায়ীদের বক্তব্য, ১৫ দিনের জন্য অনেক টাকায় ইজারা নিয়ে ব্যবসা করার সুযোগ নিতে হয়। দাম বেশি হওয়ার পেছনে এটি একটি কারণ।
মাছ ব্যবসায়ী মুতি মিয়া বলেন, কিছুক্ষণ আগে ১৮ কেজি ওজনের একটি আইড় মাছ ২৬ হাজার টাকা বিক্রি করেছেন। ১৫ কেজির বোয়াল বিক্রি করেছেন ১৬ হাজার টাকায়।
মেলা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, এবার মেলার ইজারা দেওয়া হয়েছে ১০ লাখ টাকায়।