
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে রেজাউল ইসলাম ভূঁইয়া মনোনয়ন পাওয়ায় তাঁর শ্বশুর ও জাপার সাংসদ জিয়াউল হক মৃধার কর্মী-সমর্থকেরা ঢাকা-কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ দেখানো হয়। মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক এ আসনে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া সম্পর্কে সাংসদের মেয়ের জামাই। আসন্ন নির্বাচনে রেজাউল মনোনয়ন পাওয়ায় এই আসনে জাপার প্রার্থিতা নিয়ে নীরবে চলতে থাকা জামাই-শ্বশুর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
রেজাউল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসিন্দা। তাঁর শ্বশুর জিয়াউল হক সরাইল উপজেলার বাসিন্দা। গতকাল বেলা ১১টার দিকে মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া মোড়ে সাংসদ জিয়াউলের পাঁচ শতাধিক কর্মী-সমর্থক জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেজাউলের ছবিসংবলিত পোস্টারেও আগুন দেন। এ সময় তাঁরা মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বহিরাগত প্রার্থী ঠেকাও, সরাইল–আশুগঞ্জ বাঁচাও’সহ নানান স্লোগান দেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে জিয়াউল হক সেখানে এসে বক্তব্য দেন। এরপর কর্মী-সমর্থকেরা অবরোধ তুলে নেন। সাড়ে ১২টার দিকে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জিয়াউল হক বলেন, ‘আমার মেয়ের জামাই মনে করছেন, তাঁর শ্বশুর এ আসনে দুবারের সফল এমপি। তিনিও এখানে জয়ী হবেন। তাই আমাকে বাদ দিয়ে নিজের মনোনয়ন নিশ্চিত করেছেন। কিন্তু আসনটি আমার। লোকজন এখানে আমাকে সমর্থন দিচ্ছেন।’
অন্যদিকে রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দল আমাকে যেখান থেকে মনোনয়ন দিয়েছে, সেখান থেকেই নির্বাচন করব।’