জামাইকে পিটিয়ে ও শিশুকে গলা টিপে হত্যা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্বশুরবাড়িতে জামাই, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দেড় বছরের শিশু এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যুবক খুন হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:বগুড়া: মুরারীদীঘি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জিল্লুর রহমানের (২৫) স্ত্রী আর্জিনা খাতুন দুই বছর আগে রাগ করে নাগরকান্দি গ্রামে বাবার বাড়িতে চলে যান। জিল্লুর মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি যান। গতকাল ভোরে শ্বশুরবাড়ির লোকজন জিল্লুর রহমানকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ আর্জিনা খাতুনকে আটক করেছে।ফুলবাড়ী (দিনাজপুর): গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গজকুমোর এলাকা থেকে মো. আহসান হাবিবের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বেতদীঘি ইউনিয়নের কড়াই গ্রামের সফিউদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ: উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবদুল হালিমের স্ত্রী আয়েশা কয়েক দিন আগে থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে আসেন আবদুল হালিম। সেখানে তিনি স্ত্রীর পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করে সেই টাকা তাঁকে দিতে বলেন। এতে রাজি হননি আয়েশা খাতুন। এ নিয়ে ক্ষুব্ধ হালিম দুপুর ১২টার দিকে দেড় বছরের সন্তান রিফাতকে গলা টিপে হত্যা করেন। শিশুটির মা আয়েশা খাতুন মামলা করেছেন।