জামাইবরণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাই আসছেন! ব্যস, বাড়িতে হুলুস্থুল পড়ে গেল৷ ঘর পরিপাটি করা, তাঁর পছন্দের খাবার বানানো, তার জন্য উপহার কেনা—কত যে কাজ! আর হবেই বা না কেন। নিজের আদরের কন্যাটিকে যাঁর হাতে তুলে দিয়েছেন, তিনি তো আর পর কেউ নন। বাড়িতে বেশ উৎসবের আমেজ চলে।
এমন কদর যাঁদের, সেই তাঁদের নিয়ে প্রতিবছর মেলা হয় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলে এই জামাইবরণ মেলা৷ সে উপলক্ষেই উপজেলার আদিবাসী-অধ্যুষিত ধামাইনগর ও সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন উৎসবের আমেজ।
নিমগাছি বাজারে আয়োজিত এ মেলায় বিভিন্ন ধরনের মিষ্টি ও বড় বড় মাছ কেনাবেচার ধুম পড়ে যায় এ সময়। এলাকায় ধান কাটা শেষে জামাইরা এসব মাছ ও মিষ্টি কিনে শ্বশুরবাড়ি আসেন। আবার শ্বশুরবাড়ি থেকেও তাঁদের পোশাকসহ নানা রকম উপহার দেওয়া হয়। এলাকার জামাইরা এরই মধ্যে শ্বশুরবাড়িতে আসতে শুরু করেছেন।
সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, জামাইবরণ মেলা উপলক্ষে বাড়িতে জামাই-ঝিসহ আত্মীয়স্বজন এসে ভরে গেছে।
উরাঁও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প্য বলেন, আদিবাসীদের এ মেলা একসময় বাঁশের মেলা বা মাদারের মেলা নামে পরিচিত ছিল। কিন্তু সব সম্প্রদায়ের মানুষ এখন সম্পৃক্ত হওয়ায় এটা জামাইবরণ মেলা হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।