জামাইবরণ মেলা
ধান কাটা শেষ হয়েছে। চলছে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। উপলক্ষ বছরঘুরে বাড়িতে আসবে জামাই। সঙ্গে থাকবে ঝিসহ অন্য আত্মীয়স্বজন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এবারও জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার (আজ) থেকে শুরু হচ্ছে জামাইবরণ মেলা।
ইতিমধ্যে আদিবাসী-অধ্যুষিত উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মেলা উপলক্ষে জামাইরা শ্বশুরবাড়ি আসতে শুরু করেছেন। নিমগাছি বাজারে শুরু হয়েছে তিন দিনের জামাইবরণ মেলা। মেলায় নানা রকমের মিষ্টি, মাছ আর উপহারের বিভিন্ন জিনিস পাওয়া যায়। জামাইরা শ্বশুরবাড়ি থেকে পাওয়া পুরবী (নগদ টাকা) নিয়ে মেলা থেকে নানা রকম জিনিস কিনে শ্বশুরবাড়িতে আসেন। তাঁরাও শ্বশুরবাড়ির লোকজনের জন্য নানা রকমের উপহার নিয়ে আসেন।
এ বিষয়ে ওরাঁও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ টপ্প্য বলেন, ধান কাটা শেষে এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা নানা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করত। একসময় মাদারের বা বাঁশের মেলা লাগত। এসব অনুষ্ঠানে জামাই-ঝিসহ আত্মীয়দের উপস্থিতি ছিল বাধ্যতামূলক। কালক্রমে এটাই জামাইবরণ মেলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে তিনি জানান।
সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাই একটি বিদ্যালয়ের শিক্ষক মনছুর রহমান বলেন, মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে আসতেই হয়। শ্বশুরবাড়ি থেকে যেমন বিভিন্ন উপহার দেওয়া হয় তেমনি মেলায় জামাইদেরও অনেক কিছু করতে হয় বলে তিনি জানান। ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের প্রবীণ মনোয়ারা সুলতানা বলেন, আদিবাসীদের এ মেলায় এখন সবাই অংশ নেয়। মেলার কদিন এলাকায় আনন্দ-উৎসব লেগে থাকে বলে জানান তিনি।