জামাইবরণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ও সিরাজগঞ্জের রায়গঞ্জে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘জামাইবরণ’ মেলা।জানা গেছে, উত্তর জনপদে সাড়ে চার শ বছর ধরে এই মেলা চলে আসছে। প্রাচীন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর জ্যৈষ্ঠের দ্বিতীয় রোববার এ মেলা শুরু হয়। এলাকায় এখন সাজ সাজ রব। মেয়েরা শ্বশুরবাড়ি থেকে আসবেন বাপেরবাড়িতে। সঙ্গে আসবেন জামাই। জামাই পাবেন শ্বশুরবাড়ি থেকে নানা ধরনের উপঢৌকন। আর জামাই মেলা থেকে মৌসুমি ফল, মিষ্টি, বড় মাছ ও মাংস কিনে নিয়ে যাবেন শ্বশুরবাড়ি। ইতিমধ্যে প্রায় প্রতি বাড়িতে জামাই-ঝি এসে গেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবারের মেলায় নতুন মাত্রা যোগ হয়েছে।বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা ও পোশীতে প্রায় দুই শ একর জমির ওপর বসেছে ঐতিহ্যবাহী ‘কেল্লাপোশী’ মেলা। স্থানীয় লোকদের কাছে তা ‘জামাইবরণ’ মেলা হিসেবে পরিচিত। এখানে তিন দিনের মেলা চলে সাত দিন ধরে।মেলায় সার্কাস, নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন। মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি-ফলমূল, নানা জাতের বড় বড় মাছ, কুটির শিল্পসামগ্রী, গরু-মহিষ ও খাসির মাংস এবং রকমারি মসলা।রায়গঞ্জের আদিবাসী অধ্যুষিত সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারসহ বিভিন্ন গ্রামে এ মেলা শুরু হচ্ছে আজ। নিমগাছী ডিগ্রি কলেজের প্রভাষক যোগেন্দ্রনাথ টপ্প বলেন, আগে আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।মেলা শুরুর সপ্তাহ খানেক আগে থেকে গ্রামে গ্রামে চলছে ‘মাদার খেলা’। একটি বড় বাঁশকে লাল কাপড়ে মুড়িয়ে ও নানা রঙে সাজিয়ে ১৫ থেকে ২০ জনের দল ঢাকঢোল পিটিয়ে লাঠি হাতে নেচে-গেয়ে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে খেলা দেখায়। মেলা শুরুর আগ পর্যন্ত চলে এই খেলা।