জামাইবাবু যাচ্ছেন আজ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সস্ত্রীক আজ মঙ্গলবার নড়াইলে আসছেন। জামাতা হিসেবে নড়াইলের চিত্রাপারের শ্বশুরবাড়িতে এটাই তাঁর প্রথম আগমন। তাঁকে স্বাগত জানাতে ও বরণ করে নিতে প্রস্তুত জেলা প্রশাসনসহ নড়াইলবাসী।জেলা গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ভারতের রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নড়াইলে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রণব মুখার্জি তাঁর স্ত্রী নড়াইলের ভদ্রবিলা গ্রামের মেয়ে শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে আজ সকালে নড়াইলে পৌঁছাবেন বলে কথা রয়েছে। এরপর প্রণব মুখার্জি জেলার ভদ্রবিলায় তাঁর শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।শুভ্রা মুখার্জির পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে মেয়ে মুন্নি মুখার্জিকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন শুভ্রা মুখার্জি। এর দেড় যুগ পর স্বামীকে নিয়ে নড়াইলে আসছেন শুভ্রা। নড়াইলের জেলা প্রশাসক জহুরুল হক বলেন, প্রণব মুখার্জি দুপুর পৌনে ১২টা পর্যন্ত তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করবেন।কুঠিবাড়িতে ৩০ মিনিটআমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, রবীন্দ্রভক্ত প্রণব মুখার্জি আজ মঙ্গলবার কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি দর্শন করবেন বলে আশা করা যাচ্ছে। কুষ্টিয়া জেলা ও পুলিশ প্রশাসন ভারতের রাষ্ট্রপতির সফর ও নিরাপত্তার সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলার চড়াইকোলে আলাউদ্দিননগর শিক্ষাপল্লি মাঠের হেলিপ্যাডে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিকেলে নামবেন। পরে কুঠিবাড়ি দর্শন ও গীতাঞ্জলি রেস্ট হাউসে নাশতা করবেন। নাশতার তালিকায় রয়েছে ডাবের পানি, সফেদা, কলা, পেয়ারা, নারকেল কুল, আপেল কুল, দুধ চমচম, সন্দেশ ও স্যান্ডউইচ। চারটা ৩০ মিনিটে তিনি কুঠিবাড়ি থেকে ঢাকার পথে রওনা দেবেন।