জামাত খানকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে গতকাল বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এদিকে রাজশাহীবাসীর ব্যানারে জামাত খানের বিচারের দাবিতে নগরে আবারও বিক্ষোভ হয়েছে। অপরদিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা জামাত খানের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তিন দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামাত খানকে তিন দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এই আদেশের কাগজ গতকাল দুপুরে তিনি হাতে পেয়েছেন। গতকাল বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনি কারাফটকে জামাত খানকে জিজ্ঞাসাবাদ করেন। আরও দুই দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে গতকাল দুপুরে জামাত খানের শাস্তির দাবিতে রাজশাহীবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি শফিউল আলম। এতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ বক্তব্য দেন।অপরদিকে জামাত খানের মুক্তির দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল হক, উপদেষ্টা লিয়াকত আলী, সিপিবির রাজশাহী মহানগরের সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী চেম্বারের পরিচালক হারুন উর রশিদ, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, সমাজসেবক আসফাকুল আশেকিন, এন্তাজুল হক প্রমুখ এক বিবৃতি দেন। বিবৃতিতে অবিলম্বে জামাত খানের মুক্তি দাবি করা হয়। চাঁদা দাবির একটি মামলায় ১৮ জানুয়ারি সকালে জামাত খানকে গ্রেপ্তার করা হয়।