রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। গতকাল শনিবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।জামাত খানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার নগরের রাজপাড়া থানায় আরও একটি মামলা হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নগরের নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারের মালিক শফিকুজ্জামান চাঁদাবাজির ওই মামলাটি করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ রোববার রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আইনজীবী হামিদুল হক। তিনি বলেন, জামাত খান ১৫ বছর ধরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যুতে আন্দোলন করছেন। তিনি এখন রাজনৈতিক প্রতিহিংসার শিকার।সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ জানুয়ারি বোয়ালিয়া থানায় করা চাঁদা দাবির একটি মামলায় জামাত খানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। দুই দিনের ব্যবধানে ২০ জানুয়ারি একই অভিযোগে রাজপাড়া থানায় আরও একটি মামলা করা হয়। মামলা দুটির ক্ষেত্র আলাদা হলেও লক্ষ্য ও উদ্দেশ্য একই।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামাত খান কোনো চাঁদাবাজ নন। একজন সমাজকর্মী। কিন্তু একটি চক্র তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে ফাঁকা মাঠে অনিয়ম-দুর্নীতি করতে চায়। এসব কর্মকাণ্ড বন্ধ করে অবিলম্বে জামাত খানের মুক্তির দাবি জানান সংগ্রাম পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা লিয়াকত আলী, আবুল কালাম আজাদ, দেবাশীষ প্রামাণিক প্রমুখ।