জামাত খানের বিরুদ্ধে তিনটি মামলাই মিথ্যা প্রমাণিত
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলাই পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালত তিনটি মামলা থেকেই জামাত খানকে অব্যাহতি দিয়েছেন। এরপরই আদালত চত্বর শহীদ মিনারে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। গত ১৭ জানুয়ারি তাঁর বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি চাঁদা দাবির মামলা করা হয়। মামলাটি করেন নগরের কাদিরগঞ্জ এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান ওরফে মন্টু। এই মামলায় পরের দিন সকালেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তিন দিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে সোপর্দ করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে জেলহাজতে পাঠান। পরে ২০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে নগরের নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারের মালিক শফিকুজ্জামান ওরফে সুজন বাদী হয়ে রাজপাড়া থানায় চাঁদাবাজির অপর একটি মামলা করেন। পরের দিন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৫ জানুয়ারি নগরের পাঠানপাড়া এলাকার মনিরুল ইসলাম একই ধরনের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। গত ২ ফেব্রুয়ারি তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ১৫ ফেব্রুয়ারি তিনি সব মামলা থেকে জামিন লাভ করেন। পুলিশ সূত্র জানায়, তদন্ত শেষে কোনো সত্যতা না পেয়ে প্রথম মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক হাফিজুর রহমান গত ৩১ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ১৭ মে দ্বিতীয় মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক মাসুদ রানা। নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান চৌধুরী গত ১৫ মে শেষ মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।গত ১১ জুলাই জামাত খান দুটি মামলায় খালাস পান। গতকাল সর্বশেষ মামলা থেকে তিনি অব্যাহতি পান। বেলা একটায় আদালত থেকে বের হওয়ার পর শোভাযাত্রা সহকারে জামাত খানকে আদালত চত্বরে শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবু বাক্কার আলী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোশাররফ হোসেন আখুঞ্জি, ওষুধ ব্যবসায়ী নেতা হারুন অর রশিদ, আইনজীবী ইনতাজুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও দেবাশীষ প্রামাণিক প্রমুখ। বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদকে ধ্বংসের চক্রান্ত করা হয়েছিল। আদালতের মাধ্যমে সংগ্রাম পরিষদ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছে। জামাত খান প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আমি আন্দোলন করেছি। দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। এসব কারণে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়ন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতের রায়ে তা প্রমাণিত হয়েছে।’