জামাত খানের বিরুদ্ধে ষড়যন্ত্র, পেশাজীবীদের উদ্বেগ ও নিন্দা
রাজশাহীর অন্যতম সামাজিক সংগঠন ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সাধারণ সম্পাদক জামাত খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।
পৃথক বিবৃতিতে তাঁরা জামাত খানের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
বিবৃতিদাতারা মনে করেন, জামাত খান দীর্ঘদিন ধরে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। একটি কুচক্রী মহল সম্প্রতি জামাত খান ও তাঁর নেতৃত্বে গড়ে ওঠা সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সমাজে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কখনো বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে উড়ো চিঠি দিয়ে, কখনো প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এসব ষড়যন্ত্র অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।
পেশাজীবীদের মধ্যে প্রায় তিন শ জন পৃথক বিবৃতিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে সাংবাদিক সংগঠনের ৮৪ জন, শিক্ষকদের মধ্যে ৪৪ জন, আইনজীবীদের মধ্যে ৫২ জন, প্রকৌশলীদের মধ্যে ৩৯ জন, চিকিৎসকদের মধ্যে ২৬ জন ছাড়াও ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, মানবাধিকার সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি, বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিদাতারা উল্লেখ করেন, যারা অন্যের বিরুদ্ধে বেনামে কুৎসা রটায় তারা কাপুরুষ। তাদের নিজেদের চরিত্র ঢাকার অপচেষ্টা মাত্র। উড়ো চিঠি ও হুমকি-ধমকি কোনো সভ্য মানুষের কাজ নয়। তাই অবিলম্বে এসব বিষয় দৃঢ়তার সঙ্গে আমলে নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।