নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল শুক্রবার পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জামাতা ও শাশুড়ি নিহত হয়েছেন। রাজবাড়ী সদর, নওগাঁর রানীনগর ও সিরাজগঞ্জের সলঙ্গায় গত বুধ, বৃহস্পতি ও গতকাল সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জের কালিকাপুর এলাকায় গতকাল শুক্রবার একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী চাটখিলের খিলপাড়ার নারায়ণ মালাকার (৬২) ও তাঁর শাশুড়ি চাঁদপুরের হাজীগঞ্জের বিন্দা রানী (৮০) নিহত হন।গোয়ালন্দ (রাজবাড়ী): সদর উপজেলার আহ্লাদীপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ (৩৮) নিহত হন। তিনি সদর উপজেলার বারবাখপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। রাজবাড়ী সদর থানার পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। আদমদীঘি (বগুড়া): নওগাঁর রানীনগরের চৌমুহনী এলাকায় বুধবার ট্রাক্টরের ধাক্কায় রিনি আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে একই উপজেলার বড়গাছা গ্রামের আবদুর রশিদের মেয়ে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রানীনগরে গতকাল শুক্রবার বিকেলে যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা ও বগুড়া আযিযুল হক কলেজের সম্মান শ্রেণীর ছাত্র আবদুল লতিফ (২৫), সলঙ্গা থানার গোড়া গ্রামের আবুল কাশেম (৫৮), উল্লাপাড়া উপজেলার চরবন্ধন গাছা গ্রামের মাহতাব (৩০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের আয়নাল হক (৩২)। হতাহত ব্যক্তিরা সবাই হিউম্যান হলারের যাত্রী। বাস ও হিউম্যান হলারটি পুলিশ জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।