জামাতাকে নিয়ে বিপাকে ত্রাণমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জামাতা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ জড়িত থাকার অভিযোগ ওঠায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে নিয়ে সরকারের ভেতর ও বাইরে নানামুখী আলোচনা চলছে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেননি।
বৈঠক শেষে গুঞ্জন ওঠে যে ত্রাণমন্ত্রী আর মন্ত্রিসভায় থাকছেন না৷ তবে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, জ্বরে ভুগছেন, তাই মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে পারেননি। পদত্যাগ করছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘খেয়ে দেয়ে আর কাজ নেই৷’
ত্রাণমন্ত্রী পরে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। তাঁর আগে মন্ত্রণালয়েও যান তিনি৷ এ সময় সাংবাদিকদের প্রশ্ন তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ একপর্যায়ে সাংবািদকদের দোয়া চেয়ে তিনি বলেন, ‘হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে৷ তখন সহযোগিতা করতে হয়৷’
সাত খুনের ঘটনায় জামাতার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত শুক্রবার একটি বিবৃতিতে ত্রাণমন্ত্রী দাবি করেন, সাত খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই।
এর আগে ১৯৯৬ সালে মোফাজ্জল হোসেন প্রতিমন্ত্রী হওয়ার পর ছেলের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন৷