জামাতার নেতৃত্বে হামলায় শ্বশুর নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জামাতা এক দল দুর্বৃত্ত নিয়ে শ্বশুর বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শ্বশুর মাছেদ মিয়া নিহত এবং স্ত্রী ও শ্যালক আহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পাহাড়িয়াকান্দিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার জামাতা চুন্নু মিয়াকে গ্রেপ্তার করেছে।
থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে পাহাড়িয়াকান্দি গ্রামে মাছেদ মিয়ার বাড়িতে তাঁর জামাতা চুন্নু মিয়ার (২৮) নেতৃত্বে ছয়-সাতজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গিয়ে মাছেদ মিয়া মারা যান। তারা মাছেদ মিয়ার মেয়ে ও চুন্নুর স্ত্রী নার্গিস আক্তার (২০) এবং ছেলে নাঈম মিয়াকে (১৬) কুপিয়ে আহত করে।
এ ঘটনায় মাছেদ মিয়ার বড় ছেলে আল আমিন বাদী হয়ে গতকাল সকালেই চুন্নু মিয়াকে প্রধান করে অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। থানা হেফাজতে আটক থাকা অবস্থায় চুন্নু মিয়া শ্বশুরবাড়িতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, টাকা-পয়সা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে চুন্নু মিয়ার বিরোধ ছিল। তার জের ধরে চুন্নু মিয়া ডাকাতির নাটক সাজিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।