জামাতার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিলেন শ্বশুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের বিয়ে মেনে নিতে না পেরে জামাতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ জামাতা সারোয়ার হোসেন (২০) এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ দেওয়ানীপাড়ায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে ওই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে সারোয়ার হোসেন ও দেওয়ানীপাড়ার মকছেদ আলীর মেয়ে পিয়ারী পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর পিয়ারীকে নিয়ে ঢাকায় গিয়ে সারোয়ার পোশাক তৈরির কারখানায় চাকরি নেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। সারোয়ারের চাচা সাইফুল ইসলাম অভিযোগ করেন, মকছেদ আলী তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ এনে সে সময় আদালতে মামলা করেন। পরবর্তী সময় মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়ে বিয়ে মেনে নিয়ে মেয়ে, জামাতা ও নাতনিকে নিজ বাড়িতে তোলেন মকছেদ। সোমবার আদালতে হাজিরা দিতে সারোয়ার নীলফামারী আসেন। সন্ধ্যার পর তিনি ভবানীগঞ্জ হাট হয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে শ্বশুরের সঙ্গে দেখা হলে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েকে আর তাঁর কাছে দেবেন না জানিয়ে তাঁকে বাড়িতে যেতে বাধা দেন। সারোয়ার এর প্রতিবাদ করলে মকছেদ লোকজন নিয়ে তাঁকে বাড়িতে ধরে নিয়ে আটকে রাখেন। এরপর মকছেদ সারোয়ারের কাছে দেড় লাখ টাকা দাবি করে মেয়েকে তালাক দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে মকছেদ ও তাঁর লোকজন সারোয়ারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মকছেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সারোয়ারের খালা ও খালাতো ভাই আমাকে ফাঁসাতে সারোয়ারের শরীরে আগুন দিয়েছে। নীলফামারী সদর থানার উপপরিদর্শক হানিফ উদ্দিন বলেন, ‘হাসপাতালে গিয়ে রোগীর প্রাথমিক জবানবন্দি নিয়েছি। এ ঘটনার জন্য সারোয়ার তাঁর শ্বশুর মকছেদ আলীকে দায়ী করেছেন। তবে রোগীর লোকজন এখনো থানায় লিখিত কোনো অভিযোগ করেননি।’