জামানত ছাড়াই পটেটো ফ্লেক্স বিডি নামের একটি প্রতিষ্ঠানকে ৩৫ কোটি ৭৯ লাখ টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সেই ঋণের টাকা এখনো আদায় হয়নি। বর্তমানে এই ঋণের বিপরীতে অগ্রণী ব্যাংকের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৬২ লাখ টাকা।
নিরীক্ষা বিভাগের নিরীক্ষা আপত্তি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অগ্রণী ব্যাংকের ২০০৩ থেকে ২০১১ সালের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, প্রচলিত নিয়মে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সময় প্রকল্পের জন্য চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণ করা হয়। কিন্তু পটেটো ফ্লেক্সের ক্ষেত্রে উৎপাদনে যাওয়ার দেড় বছর আগেই অগ্রণী ব্যাংকের তেজগাঁও শিল্প এলাকা শাখা থেকে ঋণ বিতরণ করা হয়। এরপর প্রতিষ্ঠানটি ঋণের টাকা ভিন্ন খাতে স্থানান্তর করে। নিয়ম অনুযায়ী জামানাত নেওয়ার কথা থাকলেও অগ্রণী ব্যাংক জামানত না নিয়েই এই ঋণ বিতরণ করে।
অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পটেটো ফ্লেক্সের চেয়ারম্যান আবু আহমেদ জহিরুল আমিন খান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ এপ্রিল অর্থঋণ আদালতে মামলা করা হয়।
অবশ্য নিরীক্ষা বিভাগ ব্যাংকের এই বক্তব্যে সন্তুষ্ট নয়। তারা এ কাজের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে ক্ষতির টাকা আদায়ের সুপারিশ করেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটেটো ফ্লেক্সের চেয়ারম্যান আবু আহমেদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, শামসুল হক, মঈন উদ্দীন খান বাদল ও রেবেকা মমিন অংশ নেন।