পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জামানত হারিয়েছেন। ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে প্রদান করা মোট ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান মেয়র কাজী ফরিদুজ্জামান।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ছয় হাজার ৩৪৩টি ভোট পড়ে। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউল হক দুই হাজার ৬৭২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত গোলাম কিবরিয়া। তিনি পেয়েছেন দুই হাজার ২১৯ ভোট।এ বিষয়ে উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মিজানুর রহমান বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে বাউফল বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেতৃত্বের পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনেও একই অবস্থা হবে।কাজী ফরিদুজ্জামান বলেন, নির্বাচন অবাধ, সুষুম ও নিরপেক্ষ হয়েছে। তবে দলীয় নেতা-কর্মীরা বেইমানি করেছে। এ কারণেই এ ভরাডুবি।