জামানত হারালেন সাতজনের মধ্যে পাঁচ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।
গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে প্রার্থী জামানত হারাবেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬২২টি। ভোট পড়ার হার ৪৯ দশমিক ৯৭। এ হিসাবে প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট দাঁড়ায় ২০ হাজার ৮২৮টি। এই সংখ্যক ভোট না পাওয়ায় পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন জাসদ-সমর্থিত মোহাম্মদ আলী প্রামাণিক (২৭৭ ভোট), জেপির ওয়াহেদুজ্জামান সরকার (১ হাজার ২৯৩), গণফ্রন্টের শরিফুল ইসলাম (১৫৪) এনপিপির জিয়া জামান খান (১ হাজার ১৯) এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (১২ হাজার ২৩৩)।
বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মোস্তফা আহমেদ পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী পান ৬০ হাজার ১০০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ-আল-মোতাসিম বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীর কাছ থেকে জামানত হিসেবে ২০ হাজার টাকা নেওয়া হয়। ওই পাঁচজন টাকা ফেরত পাবেন না।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।