জামানত হারালেন ১০ মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া ১২ মেয়র প্রার্থীর মধ্যে ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত রক্ষা করার জন্য প্রয়োজনীয় ভোট পাননি তাঁরা।
চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রদত্ত ভোটের প্রায় ৯০ শতাংশ পেয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আ জ ম নাছির উদ্দিন ও মোহাম্মদ মনজুর আলম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ১০ প্রার্থী মিলে পেয়েছেন বাকি ১০ শতাংশ ভোট।
এবারের নির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩। বাতিল হয়েছে ৪৭ হাজার ২৯২। বৈধ ভোট ৮ লাখ ২১ হাজার ৩৭১। বৈধ ভোটের মধ্যে মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে আ জ ম নাছির উদ্দিন ও মোহাম্মদ মনজুর আলম মিলে পেয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৯৮। অন্য ১০ জনের মিলিত ভোট ৮৮ হাজার ৪৬৫।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কিংবা তার বেশি পেলে প্রার্থী জামানত ফেরত পান। না হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।’
নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-সমর্থিত প্রার্থী এম এ মতিন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৬৮। জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ পেয়েছেন ৬ হাজার ১৩১ ভোট। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের হোসাইন মুহাম্মদ মুজিবুল হক পেয়েছেন ৪ হাজার ২১৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ২ হাজার ৬৬১। মো. আলাউদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৫৯ ভোট। বিএনএফের আরিফ মইনুদ্দীন ১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। মো. আবুল কালাম আজাদের ভোট ১ হাজার ৩৮৫। সৈয়দ সাজ্জাদ জোহা ও মোহাং শফিউল আলমের প্রাপ্ত ভোট যথাক্রমে ৮৪৫ ও ৬৮০।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর কেউই জামানত রক্ষা করার জন্য প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। তাই জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।