জামানত হারালেন ১১ মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় ১১ মেয়রপ্রার্থীর জামানত বাতিল করা হয়েছে। এদের মধ্যে বিএনপি, বাসদ, জাসদ ও এনপিপির একজন করে, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন করে এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর পৌরসভায় সাতজন মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজনেরই জামানত বাতিল হয়েছে। এঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী টি আর এম নূর-ই-আলম হেলাল, বাসদের নব কুমার কর্মকার, জাসদের নাজমুল হক মুকুল, জাতীয় পার্টির মির্জা ফারুখ আহমেদ ও এনপিপির সাইফুল ইসলাম।
বেলকুচি পৌরসভায় তিনজন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল হক। শাহজাদপুরে তিনজন জামানত হারিয়েছেন। এঁরা হলেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক ও জাতীয় পার্টির রফিকুল ইসলাম। কাজীপুর পৌরসভায় তিনজন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুজন। এঁরা হলেন বিএনপির মাসুদ রায়হান মুকুল ও স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, সরকারি বিধি অনুযায়ী যেসব প্রার্থী পৌরসভার নির্বাচনে মোট প্রদত্ত ভোটারের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পাবেন তাঁদের জামানত বাতিল হবে।