জামানতের টাকা নিয়ে কর্মচারী উধাও!
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচনের প্রার্থীদের জামানতের প্রায় দুই লাখ টাকা নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী মামুনুর রশিদ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার দুপুরে প্রার্থীরা জামানতের টাকা তুলতে গেলে এ ঘটনা প্রকাশ পায়।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিধি অনুযায়ী, মেয়র পদে ১৫ হাজার এবং কাউন্সিলর পদে ৫ হাজার টাকা জামানত দিতে হয়। নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে তাঁরা বিধি অনুযায়ী জামানতের অর্থ ফেরত পাবেন। নির্বাচনের পর কয়েকজন প্রার্থী জামানতের টাকা ফেরত নেন। ফলাফল নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় দুজন মেয়র ও ৩১ জন কাউন্সিলর পদপ্রার্থী জামানতের এক লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেননি।আ. রউফ, মোহাম্মদ আলী, বিশ্বনাথ ঘোষ, আসাদুল ইসলামসহ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী জানান, বুধবার তাঁরা জামানতের টাকা উত্তোলনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন এবং তাঁর কাছ থেকে অনুমোদন নিয়ে হিসাবরক্ষণ কার্যালয়ে যান। সেখান থেকে জানানো হয়, তাঁদের টাকা আগেই উত্তোলন করা হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. কুদ্দুস জানান, তাঁর অফিসের অফিস সহকারী মামুনুর রশিদ প্রার্থীদের স্বাক্ষর জাল করে এই অপকর্ম করে থাকতে পারে। চার মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত।রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিব-উল ফেরদৌস জানান, পৌর নির্বাচনের ফলাফল নিয়ে দিনাজপুর নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় এত দিন জামানতের টাকা ফেরত দেওয়া হয়নি। সম্প্রতি মামলাটি নিষ্পত্তি হয়। বুধবার জামানতের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিলে বিষয়টি ধরা পড়ে।ইউএনও জানান, মামুনুর রশিদ গত মার্চ মাসে কয়েকজন প্রার্থীর জামানতের টাকা ফেরত দেওয়ার জন্য ট্রেজারি চালানে তাঁর সই নেন। ওই সময়েই তিনি সুকৌশলে সব চালানে তাঁর স্বাক্ষর নিয়ে এ অপকর্ম করেছেন। বিষয়টি জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।