ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের নামে শতাধিক লোকের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানটির জেলা শাখার জেলা পরিচালক মাওলানা আবদুর রহিম। পরিচালক উধাও হওয়ার পর ওই শাখার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।প্রতারণার শিকার কর্মীরা জানান, গত ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের কর্মীরা ঠাকুরগাঁও রোডের জেলা কার্যালয়ে বেতন নিতে গিয়ে সেখানে তালা ঝুলতে দেখেন। তাঁরা বাড়ির মালিক মকবুল হোসেনের কাছে জানতে পারেন, ওই পরিচালক সপ্তাহ খানেক ধরে কার্যালয় খুলছেন না। ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের জিয়াউর রহমান জানান, গত বছরের জুলাইয়ে ঠাকুরগাঁও রোডে আশ্রাফাবাদ ফাউন্ডেশন নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির শাখা খুলে কার্যক্রম শুরু করেন আবদুর রহিম। কাগজপত্রে প্রতিষ্ঠানটিকে ময়মনসিংহ সদর উপজেলার জয়েন্ট স্টক কোম্পানি আশ্রাফাবাদ ফাউন্ডেশনের শাখা হিসেবে উল্লেখ করা হয়।সে সময় মাওলানা রহিম লিফলেট বিতরণ করে এলাকায় কোম্পানির শিক্ষা সেবা কার্যক্রমের আওতায় দিবা ও নৈশকালীন উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে কোরআন-হাদিস, নামাজ-রোজা, শরিয়তের মাসআলা-মাসায়েল শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষা দেওয়ার জন্য জেলার প্রতিটি মহল্লায় শিক্ষক নিয়োগ করা হবে বলে প্রচারণা চালান। এ ছাড়া এই শিক্ষাসেবা কার্যক্রম তদারকি করতে বিভিন্ন পদে বেশ কিছু কর্মী নেওয়া হবে বলে প্রচারণা চালান। উভয় পদেই আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে বলে প্রচারণা চালানো হয়।গত ১০ মে জেলা কার্যালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে তিনি হরিহরপুর গ্রামের হায়দার আলীর কাছ থেকে ৪০ হাজার টাকা জামানত নেন। ৪০ হাজার টাকা জামানতের বিপরীতে একই দিনে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন গোবিন্দনগর গ্রামের সোলায়মান আলীকে। সদর উপজেলার ফকদনপুর গ্রামের জিয়াউর রহমানের কাছ থেকে ৩১ হাজার টাকা নিয়ে তাঁকে উপজেলা সুপারভাইজার হিসেবে, হরিহরপুরের রেজাউল করিম, আরাজী পস্তমপুরের হামিদুর রহমানসহ অনেকের কাছ থেকে মাথাপিছু ২১ হাজার টাকা করে জামানত নিয়ে তাঁদের ইউনিয়ন সুপারভাইজার হিসেবে নিয়োগ দেন রহিম। আবদুর রহিম নিয়োগ পাওয়া উপজেলা সুপারভাইজার ও ইউনিয়ন সুপারভাইজারদের নিজ নিজ কর্ম এলাকার মহল্লাগুলোতে শিক্ষাসেবা কার্যক্রম পরিচালনার জন্য একজন করে শিক্ষক নিয়োগ দিতে নির্দেশ দেন। নিয়োগের বিপরীতে প্রত্যেকের কাছ থেকে জামানত হিসেবে ১৬ হাজার টাকা জামানত নেওয়া হয়। এভাবে সদর উপজেলায় জামানত নিয়ে আরও অনেক লোক নিয়োগ দেওয়া হয়। প্রতারণার শিকার বালিয়াডাঙ্গীর সুপারভাইজার হারুন অর রশীদ, হরিপুরের আবদুস সামাদ ও রানীশংকৈলের আমিরুল ইসলাম অভিযোগ করেন, আবদুর রহিম তাঁদের মাধ্যমে কর্মীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা জামানত নিয়েছেন। সদর উপজেলার ফকদনপুর গ্রামের আনোয়ারুল হকের স্ত্রী জিন্নাতুন নাহার গত ৩ জুলাই রহিমকে জামানতের ১৬ হাজার টাকা দেন। হরিহরপুরের তসলিমা খাতুন রহিমকে জামানতের ১৬ হাজার টাকা দেন। ইউনিয়ন সুপারভাইজার রোজাউল করিম বলেন, ‘আমাদের মাধ্যমে যেসব শিক্ষের কাছ থেকে রহিম জামানতের টাকা নিয়েছেন তাঁদের জামানতের টাকা এখন আমাদের পরিশোধ করতে হবে। ওই টাকা শোধ করতে না পেরে আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।’ অভিযোগ সম্পর্কে আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।রানীশংকৈল উপজেলার গোগড় গ্রামে গিয়ে কথা হয় রহিমের শ্বশুর আসের উদ্দিনের সঙ্গে। আসের উদ্দিন বলেন, ‘আমার মেয়েজামাইকে আপনারা টাকা দিয়েছেন আমাকে তো দেননি।’রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান সইদুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আশ্রাফাবাদ ফাউন্ডেশনের জেলা পরিচালক আবদুর রহিম কর্মীদের জামানতের টাকা নিয়ে পালিয়ে গেছে বলে প্রতারিত কয়েকজন যুবক অভিযোগ করেছিলেন। তাঁদের আমি লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি।’