বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা-২ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।
নির্বাচন কমিশনে গতকাল রোববার এই আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে বৈঠকের পর সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। ওই তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রায় দিয়েছেন, তা বহাল আছে। এ বিষয়ে জামায়াত এখনো আপিল করেনি, আদালতও কোনো স্থগিতাদেশ দেননি। তাই বরগুনা-২ উপনির্বাচনে জামায়াতের কেউ প্রার্থী হলে তাঁকে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে হবে। তবে স্বতন্ত্রভাবে যে কেউ অংশ নিতে পারবেন। তিনি বলেন, আদালতের রায় বহাল থাকলে আগামী জাতীয় নির্বাচনেও দলটি অংশ নিতে পারবে না।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, রায়ের কপি না পাওয়ায় কমিশন জামায়াতের নিবন্ধন সাময়িক স্থগিত বা বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে বরগুনা-২ আসনের উপনির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা দিলে এবং এর বিরুদ্ধে কেউ আপত্তি জানালে কমিশন হাইকোর্টের রায়ের আলোকে সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারবে।
১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন।
বরগুনা-২ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বাছাই হবে ৭ সেপ্টেম্বর শনিবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর রোববার এবং ভোট গ্রহণ হবে ৩ অক্টোবর বৃহস্পতিবার। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক।
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬টি এবং ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার তিনজন।
কাজী রকিব উদ্দীন আরও জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা (৯১-ই ধারা) বিলোপের প্রস্তাব-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১-ই ধারার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা হচ্ছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে কমিশনের অবস্থান জানানো হবে।
সিইসি জানান, কমিশন আগামীকাল মঙ্গলবার জাতিসংঘ, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।