জামায়াত আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী আজ বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। মন্ত্রিসভায় গত সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিধানসংবলিত ভোটার তালিকা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে ভোটার তালিকা আইনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার দাবির পাশাপাশি জামায়াতসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সরকারের পদত্যাগের দাবিও যুক্ত করা হয়। তবে বরাবরের মতো এবারও কখন, কোথায় এই বিক্ষোভ হবে, তা জানানো হয়নি। বিবৃতিতে দাবি করা হয়, সরকার একদলীয় বাকশালী শাসন কায়েমের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ যে ষড়যন্ত্র করছে, তারই অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ ইসলামী দল জামায়াত যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের বাহানায় ভোটার তালিকা আইনের খসড়া অনুমোদন করেছে। সরকারের এ সিদ্ধান্ত অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।