জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল বের করে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল বের করে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।

দেশকে রক্ষার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ রুখে দাঁড়াও। সংগঠনটি বলেছে, দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতিতে এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পতাকা মিছিল কর্মসূচিতে এসব কথা বলা হয়। যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিল শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। পতাকা মিছিলে ইমেরিটাস অধ্যাপক ও সংগঠনের সভাপতি আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রাশেদা কে চৌধূরী, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, সাংবাদিক আবেদ খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও জিয়া উদ্দিন তারিক আলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত প্রমুখ।
মিছিল শুরুর আগে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র ভেসে যাবে। আমরা শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অঙ্গীকারবদ্ধ। তাঁরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। এটি আমাদের ঐতিহাসিক দায়। সরকারকে বুঝতে হবে, জামায়াতকে রাজনীতিতে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’ তিনি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান।
সুলতানা কামাল বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি সক্রিয়। তারা নানা কায়দায় তাদের আদর্শ তরুণ সমাজে ছড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে।’
শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা আনন্দিত যে সরকার মানবতাবিরোধীদের বিচারকাজ শুরু করেছে। কিন্তু জামায়াত-শিবির নিষিদ্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তারা আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলবে।’ বক্তব্যের পর শুরু হয় পতাকা মিছিল। মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, টিএসসি ও চারুকলা ইনস্টিটিউট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়