জামায়াত ও শিবিরের ৪০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৪০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাজৈর গ্রামে অবস্থিত জামায়াতের আমির মওলানা রফিকুল ইসলাম কবীরের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন বলেন, সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে শিবিরের জেলা সেক্রেটারি শামীম হাসান বিকেলে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে যান। পুলিশ ওই কর্মসূচি বানচাল করতে নাশকতার মিথ্যা অভিযোগ এনে তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়িতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।